রাজু ভাস্কর্যে বিক্ষোভে যাওয়ার সময় ইডেন কলেজের শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে বিক্ষোভে যাওয়ার সময় ইডেন মহিলা কলেজের সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ হামলা চালিয়েছে ও বাধা দিয়েছে।

আজ সোমবার দুপুরে এ ঘটনা ঘটেছে বলে আন্দোলনরত শিক্ষার্থীরা জানান। দুপুর ১২টা থেকে আজ রাজু ভাস্কর্যের পাদদেশে কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের (মার্ক্সবাদী) ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, ইডেন কলেজে ছাত্রলীগ আন্দোলনকারী ছাত্রীদের ওপর হামলা করেছে৷ হামলায় আহত হয়েছেন, ছাত্র ফ্রন্টের ঢাকা নগর শাখার সাধারণ সম্পাদক সায়মা আফরোজ, ইডেন কলেজ শাখার সভাপতি শাহিনুর সুমি, সাংগঠনিক সম্পাদক সুমাইয়া সাইনা, অর্থ সম্পাদক সানজিদা হক এবং গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের ঢাকা নগরের সংগঠক স্কাইয়াসহ অনেকে। সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের অবমাননা করা হয়েছে দাবি করে গতকাল রোববার মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। একই সময়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করলে হামলা চালিয়েছে ছাত্রলীগ। মিছিল হয়েছে জাহাঙ্গীরনগর ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও। রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়।

চলমান কোটাবিরোধী আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন থেকে আসা বক্তব্যের প্রতিক্রিয়ায় গতকাল রাত ১০টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলে বিক্ষোভের পর মধ্যরাতে শিক্ষার্থীরা জড়ো হন টিএসসির রাজু ভাস্কর্যে। রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হয়ে বিপুলসংখ্যক শিক্ষার্থী নানা স্লোগান দেন। সেখানে নারী শিক্ষার্থীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। জমায়েতে শিক্ষার্থীরা ‘চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার’সহ নানা স্লোগান দেন৷গতকাল রাতে শিক্ষার্থীরা যখন টিএসসি এলাকায় জড়ো হচ্ছিলেন, ছাত্রলীগের নেতা-কর্মীরা মধুর ক্যানটিনে জড়ো হতে থাকেন।

সূত্র : প্রথম আলো

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *