রাজধানীর মিরপুর ১০ নম্বর গোল চত্বরে সড়ক অবরোধ করে আন্দোলন করছেন কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা। বেসরকারি বিশ্ববিদ্যালয় বিউবিটির (বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি) ও বাংলা কলেজের শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করেছেন। মঙ্গলবার বেলা ১২টার পর থেকে শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে আন্দোলন শুরু করেন। এসময় তাদের বিভিন্ন রকম স্লোগান দিতে দেখা যায়। এই অবরোধের ফলে মিরপুর-১০ নম্বর গোল চত্বরকে ঘিরে থাকা সবগুলো সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। পুলিশ জানায়, এই দুই শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েকশ শিক্ষার্থী বেলা ১২টার পর থেকে গোল চত্বরে অবস্থান নিয়ে রাস্তা অবরোধ করে। তাদের রাস্তা অবরোধের কারণে মিরপুর ১০ নম্বর এলাকায় বর্তমানে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।
2024-07-16




















