রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ চলছে। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। মঙ্গলবার দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে এ সংঘর্ষ শুরু হয়। এতে রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। সেখানে ছাত্রলীগের নেতাকর্মীদের লাঠি সোঁঠা হাতে অবস্থান করতে দেখা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে সিটি কলেজ, আইডিয়াল কলেজ ও হামদর্দ কলেজের কয়েকশ শিক্ষার্থী সড়ক অবরোধ করে বিক্ষোভ করছিলেন। এসময় বিক্ষোভকারীরা সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নেন এবং কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার বিরুদ্ধে স্লোগান দেন। এসময় ছাত্রলীগ নেতাকর্মীরা ঢাকা কলেজের দিক থেকে এগিয়ে এলে আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের ধাওয়া দেন। এরপরই ছাত্রলীগের নেতাকর্মীরা শিক্ষার্থীদের ধাওয়া দেয়। এ ঘটনায় মিরপুর রোডের দুই পাশে গাড়ি চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। নিউমার্কেট থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, ‘সায়েন্স ল্যাব মোড়ে শিক্ষার্থীরা অবস্থান নেওয়ায় দুদিকের প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।’
2024-07-16




















